শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার, ঢিলে আহত ফতুল্লা থানার ওসি
নারায়ণগঞ্জ প্রতিনিধি, মো. শিহাব উদ্দিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ স্থানীয় লোকজনের ছোড়া ঢিলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাতের দিকে পঞ্চবটির চাঁদনী হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের ভাষ্য, পাশের ফ্ল্যাটের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন জাকির হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ওসি বলেন, জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে তাকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। এ সময় একটি ঢিল তাঁর মাথায় লাগলে তিনি আহত হন। পরে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ জানায়, জাকির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামের বাসিন্দা এবং তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় থাকেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
শিশুটির পরিচয় প্রকাশ করা হয়নি।

