ওমানের মৎস্য খাতে বাংলাদেশি জেলেদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
তাওহীদ পাটোয়ারী মনির
ওমানের মৎস্য খাতে বাংলাদেশি দক্ষ ও অভিজ্ঞ জেলেদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে জেলে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখে ওমানের Ministry of Labour, Agriculture and Fisheries-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ মৎস্য অধিদপ্তর পরিদর্শন করেন।
এ উপলক্ষে মৎস্য অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সভায় ওমানের মৎস্য খাতে বাংলাদেশি জেলেদের সম্ভাব্য নিয়োগ, সংশ্লিষ্ট খাতের জনবল চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা, কর্মী নির্বাচন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ওমানের চাহিদার আলোকে বাংলাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ জেলে প্রেরণের সম্ভাবনা এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ ও প্রেরণের বিষয়ে মতবিনিময় করা হয়।
ওমানের মৎস্য খাতে বাংলাদেশি জেলেদের নিয়োগের বিষয়ে প্রতিনিধি দলের আগ্রহকে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় নতুন কর্মসংস্থান বাজার সৃষ্টির উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশি জেলেদের জন্য ওমানে নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com