
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামীকাল (১০ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রংপুরের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন জাতীয় সংসদ সদস্য (রংপুর-৩) মো. মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।
আয়োজিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠান উদ্বোধন, ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১০টা ৩০ মিনিটে কেক কাটা এবং সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দুপুর ২টায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব এবং সন্ধ্যা ৬টায় ব্যান্ড সংগীতের আয়োজন রাখা হয়েছে।
প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তিকে ঘিরে কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিকতায় এবারের আয়োজন কারমাইকেল কলেজের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com