কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় মাঠে কালাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেনের উদ্যোগে এক জমজমাট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ও মাদাই গ্রামের মধ্যকার এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুনট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেনের নিজস্ব এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দুর্দান্ত জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাধানগর দল, এবং রানার্সআপ হয় মাদাই দল। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্যোক্তা ইব্রাহিম হোসেন চ্যাম্পিয়ন দল রাধানগরকে একটি বড় আকৃতির রাম ছাগল এবং রানার্সআপ দল মাদাইকে একটি ছোট ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন। এই ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও আলোড়ন সৃষ্টি করে।
পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। "এলাকা জুড়ে নেশামুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি আরও দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী দিনে এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজে এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে তিনি সবসময় পাশে থাকবেন এবং বিশেষ ভূমিকা পালন করবেন।
এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এবং খেলাধুলায় উৎসাহ জোগাতে চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেনের এই সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com