
“সামাজিক সংহতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করব, সম্পদ ভাগাভাগির মাধ্যমে অর্থনৈতিক সুবিধার বিস্তার ঘটাব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে প্রতিবেশীর সাথে সম্পদ হস্তান্তর ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাহারোল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাহারোল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবরার হোসাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসিওর সিনিয়র ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরিফিকেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এডিপি ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী এবং দিনাজপুর এপিসিওর টেকনিক্যাল স্পেশালিস্ট ডা. দীপা রোজারিওসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সম্পদ ভাগাভাগি ও সহমর্মিতার মাধ্যমে সমাজে সামাজিক সংহতি বৃদ্ধি করা সম্ভব। প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর সহায়তা করবে না, বরং সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করা হয়। এসব সম্পদ পালনের মাধ্যমে পরিবারগুলোর আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়াও অনুষ্ঠানে সুন্দরপুর ইউনিয়ন পরিষদকে স্কুল থেকে ঝরে পড়া শিশু ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণাকে এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং শিশুশ্রম প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
সামাজিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর ও শিশুবান্ধব সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com