
দিনাজপুরের কাহারোল উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নকে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ১ নম্বর ডাবোর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং কাহারোল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ডাবোর ইউনিয়নকে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ক্ষীরোদ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শাখাওয়াত হোসেন, জয়নন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী এবং প্রোগ্রাম অফিসার মিঃ ডেভিড ফলিয়া।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা একটি সামাজিক দায়িত্ব। ডাবোর ইউনিয়নকে ঝরে পড়া শিশু মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার ফলক উন্মোচন করা হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com