কিশোরগঞ্জে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গণপূর্ত বিভাগ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ, মানসম্মত ও পর্যাপ্ত বাসস্থান নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের মৌলিক প্রয়োজন। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিশ্ব বসতি দিবসের মাধ্যমে নিরাপদ আবাসন ও টেকসই নগরায়ণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সবার জন্য নিরাপদ আবাসন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই বসতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com