গ্রাম আদালতের সক্ষমতা বাড়াতে সিংড়ার ৬ ইউনিয়নে মতবিনিময় সভা
গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার রামানন্দ খাজুরা, ইটালী, ডাহিয়া, ছাতারদিঘী, হাতিয়ান্দহ ও লালোর ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, দ্রুত ও স্বল্প ব্যয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে তাদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন বাস্তবভিত্তিক পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিচারপ্রার্থীদের সহজে সেবা প্রদান এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত পোষণ করেন।
মতবিনিময় সভাগুলো সঞ্চালনা করেন মোঃ মাহমুদুল হাসান, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, সিংড়া, নাটোর।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com