
নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান পাপনকে গুলি করে আহত করার মামলায় নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমাইয়া আক্তার সিফা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নরসিংদী অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কানিজ ফাতেমা। তিনি জানান, ছাত্রদল নেতা পাপনকে গুলি করার ঘটনায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের সম্পৃক্ততা ও নির্দেশ দেওয়ার অভিযোগের বিষয়টি তদন্তকারী কর্মকর্তা আদালতের নজরে আনেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে নরসিংদীর পলাশে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে পলাশ থানা ছাত্রদলের তৎকালীন সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনকে পথরোধ করে গুলি করার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে পাপনের পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান পাপন বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এদিকে, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ঢাকার নয়াপল্টনে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সরকারি সার আত্মসাতের অভিযোগে ৫৮১ কোটি টাকার একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের কথাও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ছাত্রদল নেতা পাপনকে গুলির মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়ায় ঘটনাটি নিয়ে নরসিংদীর রাজনৈতিক
অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com