
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ৫ বারের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকা নরসিংদী -২ (পলাশ) সহ পুরো নরসিংদী জেলাজুড়ে বইছে আনন্দ উচ্ছ্বাস। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ।
এর আগে মঈন খান একাধিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
শুক্রবার নবনিযুক্ত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই পলাশ তথা নরসিংদী এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা আনন্দে মিষ্টি মুখ করেন।
এলাকাবাসী জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরে পলাশ তথা নরসিংদীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-প্রযুক্তির অগ্রগতি হয়েছিল।
পুনরায় তিনি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় এই অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়াতে পলাশবাসীর আশার প্রতিফলন ঘটেছে। ওনার মতো একজন সুদক্ষ, সৎ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের হাতেই এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিরাপদ। ওনার হাত ধরে এ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন সম্ভব।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এর হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে নরসিংদী সহ সারাদেশের রাস্তাঘাট ও জীবনমানের উন্নয়ন হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হয়ে তিনবার মন্ত্রী ছিলেন। এবারসহ ৫ বারের এমপি ও চতুর্থ বারের মতো মন্ত্রীর দায়িত্বের তৌফিক হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। মঈন খান বিগত স্বৈরাচার সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে যেমন রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে সকল আন্দোলন সংগ্রাম করেছেন। ঠিক একইভাবে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন বলে বিশ্বাস করি।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, মঈন খান স্যার মন্ত্রী হওয়ার খবর নরসিংদীবাসীর জন্য নি:সন্দেহে একটা আনন্দের খবর। সৃষ্টিকর্তা যেন সুস্থ রেখে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার জীবনে আর চাওয়ার কিছু নেই। শুধু বলবো সৃষ্টিকর্তা যেন ড. আবদুল মঈন খান স্যারকে দীর্ঘজীবী করেন ও সুস্থ রাখেন। আজকে জীবনের সব চাওয়া-পাওয়া পূরণ হয়েছে। আমাদের একটাই স্বপ্ন ছিল মঈন খান স্যারকে এমন একটি আসনে বসতে দেখার।
স্যারকে এমন একটা আসনের বসানোর স্বপ্ন ও আশা ধারণ করে বিগত স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে রাজপথে নিজের শরীরের রক্ত দিয়েছি। তবুও কখনো রাজপথ ছেড়ে যাই নি।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com