
পদ্মার ভয়াবহ ভাঙনে ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রাম। বছরের পর বছর ধরে নদীভাঙনের তাণ্ডবে একের পর এক ঘরবাড়ি, বিঘার পর বিঘা কৃষিজমি তলিয়ে যাচ্ছে পদ্মা গর্ভে। ভাঙনে হুমকির মুখে রয়েছে শতবর্ষের পুরনো তারানগর জামে মসজিদ। নদী আর মাত্র ১০/১২ ফুট এগিয়ে এলেই মসজিদটিও পদ্মার গ্রাসে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বিপন্ন হয়ে পড়েছে পূর্বপুরুষদের কবরস্থানও। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার অসংখ্য পরিবার।
এই কঠিন পরিস্থিতিতে গত বছরের মতো এবছরও ভাঙনবিধ্বস্ত তারানগরের মানুষের পাশে দাঁড়াল সমাজকল্যাণমূলক সংস্থা 'মানবতা'। গত ১৬ অক্টোবর সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদার নেতৃত্বে মানবতার প্রতিনিধিদল তারানগর পরিদর্শন করেন। তাঁর সঙ্গে এই পরিদর্শক দলে ছিলেন আব্দুস সালাম ও বুরহান উদ্দিন। তাঁরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে আশ্রয়হীন পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং অসহায় মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
তারানগরের ভূমিপুত্র, সাহিত্যিক ও শিক্ষক জহির-উল-ইসলাম এদিন প্রতিনিধি দলকে এলাকার ভয়াবহ পরিস্থিতি ঘুরিয়ে দেখান। তাঁর সঙ্গে পরিদর্শনকালে উঠে আসে পদ্মার গ্রাসে হারিয়ে যেতে বসা জনপদের একের পর এক মর্মান্তিক ছবি। শতবর্ষের পুরনো জামে মসজিদটির অস্তিত্ব আজ সংকটের মুখে। মসজিদ সংলগ্ন এলাকায় রয়েছে তাঁর বাবা-মায়ের কবরও, যা ভাঙনে বিপন্ন হবার আশঙ্কায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির প্রতিষ্ঠার সঙ্গে জহির-উল-ইসলামের পূর্বপুরুষদের যোগ রয়েছে। নদীভাঙনে তাঁর নিজের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও গ্রামের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে সারাক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন তিনি।
নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে গত বছর থেকে নদী-পার্শ্ববর্তী একটি বাগানে আশ্রয় নিয়েছে ১৫টি পরিবার। পলিথিনের অস্থায়ী তাঁবু তৈরি করে কোনও রকমে দিন কাটছে এইসব পরিবারের লোকদের। স্থায়ী আশ্রয়ের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ এবং দৈনন্দিন অভাব-অনটন তাঁদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানবতার প্রতিনিধিদল এই পরিবারগুলির লোকজনের সঙ্গে দেখা করে তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় নজরে আসে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় অসুবিধার সম্মুখীন আসাদুল হক নামক এক ব্যক্তির দুরবস্থার ছবিও। তাঁর একটি পুরনো ট্রাইসাইকেল থাকলেও আর্থিক অসামর্থ্যের কারণে সেটি মেরামত করতে পারেননি। ফলে দৈনন্দিন চলাফেরায় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। বিষয়টি জানার পর মানবতার পক্ষ থেকে ট্রাইসাইকেলটি মেরামতের দায়িত্ব গ্রহণ করা হয়।
নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে প্রায় ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে নিকটবর্তী রামনগর গ্রামের একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। মাথার ওপর ছাদ হারানোর পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে শিশু-কিশোরদের পড়াশোনা। সেই আশ্রয় শিবিরেই দেখা মিললো একাদশ শ্রেণির ছাত্রী পারভিন খাতুনের সঙ্গে। নদীভাঙনে বাড়ি তলিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যায় তার পাঠ্যপুস্তক ও পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী। বাড়ি হারানোর যন্ত্রণার পাশাপাশি তার শিক্ষাজীবনও অনিশ্চয়তার মুখে পড়েছে। পারভিনের পরিস্থিতির কথা জানতে পেরে মানবতার পক্ষ থেকে তার প্রয়োজনীয় বইপত্র ও শিক্ষা সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সাহিত্যিক ও শিক্ষক জহির-উল-ইসলামের তত্ত্বাবধানে পরবর্তীতে দ্রুত তার হাতে সেই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে যাতে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ বন্ধ না হয়ে যায়।
গত বছর এবং এ বছর মিলিয়ে তারানগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এতটাই বেশি যে, প্রত্যেকের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে আগামীতে মানবতার পক্ষ থেকে সাধ্য মতো ত্রাণ তহবিল জহির-উল-ইসলামের হাতে তুলে দেওয়া হবে। যা দিয়ে তাঁর তত্ত্বাবধানে অন্তত অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণসামগ্রী পৌঁছে যায় তার ব্যবস্থা করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা বলেন, “তারানগরের মানুষের অসহায়তা সত্যিই হৃদয়বিদারক। মানুষ কোনও রকমে দিন কাটাচ্ছেন। কিন্তু যাঁরা ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন, তাঁদের কাছে সবচেয়ে বড় সমস্যা মাথা গোঁজার একটু নিরাপদ ঠাঁই। গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার পার্শ্ববর্তী বাগানে, তারানগর প্রাথমিক ও ঈদগাহে এবং রামনগরে অবস্থিত বিলবোরা কোপরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাঁদের পুনর্বাসনের বিষয়টি অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আশু প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
তারানগরের বর্তমান পরিস্থিতি শুধু ঘরবাড়ি হারানোর সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও মানুষের শিকড় হারানোর যন্ত্রণা। শতবর্ষের পুরনো মসজিদ, পূর্বপুরুষদের কবরস্থান, কৃষিজমি ও বসতভিটে একে একে নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে অদূর ভবিষ্যতে তারানগরের অস্তিত্বই গভীর সংকটের মুখে পড়তে পারে।
তাই ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্থায়ী পুনর্বাসন এবং নদীভাঙনের কারণ পর্যালোচনা করে বৈজ্ঞানিক ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতা তার মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করেছে। তবে তারানগরকে রক্ষা করতে প্রয়োজন প্রশাসনিক তৎপরতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর সরকারি উদ্যোগ। নইলে পদ্মার অব্যাহত গ্রাসে ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ এই জনপদ ক্রমশ হারিয়ে যাবে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com