
দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা জোগাতে সাড়ে চার মাস বয়সী শিশু ভাগিনাকে চুরি করে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মামার বিরুদ্ধে। গ্রেফতারকৃত ওই যুবকের নাম জিয়ারুল ইসলাম (২১)। পুলিশি অভিযানে সে গ্রেফতার হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে অলৌকিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত জিয়াকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। এর আগে রোববার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিয়ারুল পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া গ্রামের মনোয়ার ইসলামের ছেলে।
উদ্ধার পাওয়া চার মাস বয়সী শিশু মাহিম ইসলাম আনাস—দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির সন্তান।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নানার বাড়ি (পার্বতীপুরের চন্দ্রপুর হাফেজপাড়া) থেকে ছোট শিশু আনাসকে কৌশলে চুরি করে নিয়ে যায় মামা জিয়ারুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিজের মাদকের টাকা জোগাড় করতেই সে ভাগিনাকে মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে দিশেহারা মা-বাবা তাৎক্ষণিকভাবে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়েই রাতভর বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়ারুলকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারকারীদের ডেরা থেকে অক্ষত অবস্থায় শিশু আনাসকে উদ্ধার করে স্বজনদের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, "শিশুটির বাবা বাদী হয়ে মানব পাচার দমন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্ত জিয়ারুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।"
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com