
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াও জুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে খনির ১৪০৫ নম্বর ফেজে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খনি ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চ্যাং সিয়াও জুন বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে ‘ভেন্টিলেশন’ বিভাগের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভোরে তিনি অন্যান্য সহকর্মীদের সঙ্গে ১৪০৫ নম্বর ফেজে কাজ করতে নামেন। নির্ধারিত শিফটের কাজ শেষে দলের অন্য সদস্যরা ভূগর্ভ থেকে ওপরে ফিরে এলেও তিনি না ফেরায় সহকর্মীদের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে বিষয়টি খনির কন্ট্রোল রুমে জানানো হয়।
সংবাদ পেয়ে খনির উদ্ধারকারী দল ভূগর্ভের একটি সড়ক থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ওপরে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে খনি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি। তবে খনির কয়েকজন শ্রমিকের ধারণা, ভূগর্ভের ওই অংশে অক্সিজেনের ঘাটতির কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, মরদেহ উদ্ধারের পর নিয়মানুযায়ী চীনা কনসোর্টিয়াম তাদের নিজস্ব পদ্ধতি ও প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত ওই চীনা নাগরিকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com