
দিনাজপুরের বীরগঞ্জে গড়ফতু উদয় ক্লাবের আয়োজনে জমজমাট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান কে. এম. কুতুব উদ্দিন এবং সহকারী শিক্ষক মতিউল ইসলাম। ফাইনাল খেলায় নীলফামারীর এলিট স্পোর্টস ক্লাব ও রংপুরের স্যান্টোস ফুটবল একাডেমি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে এলিট স্পোর্টস ক্লাব, নীলফামারী বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, স্যান্টোস ফুটবল একাডেমি, রংপুর রানার্সআপ হয়।
খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দ-উচ্ছ্বাস।
আয়োজক গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমান বলেন, ‘তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামবাংলার ফুটবলের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।’ তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com