মুছাপুর রেগুলেটরে ৭৫২ কোটি টাকা অনুমোদন
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন দেওয়ায় সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার রাতে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মুছাপুর ক্লোজার নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, নির্মাণকাজে ত্রুটির কারণে স্থাপনাটি টেকসই হয়নি।
নুরুল আলম শিকদার বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট বন্যার পানি, উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বর্ষণে মুছাপুর রেগুলেটর এলাকায় পানির চাপ বেড়ে যায়। একপর্যায়ে ২৩ ভেন্টের রেগুলেটরের কাঠামো ভেঙে পড়ে। এতে সংযোগ সড়ক ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, নতুন করে মুছাপুর রেগুলেটর নির্মাণ করা হলে কোম্পানীগঞ্জসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা কমবে। পানি নিষ্কাশনের পাশাপাশি কৃষি ও জনজীবনে এর সুফল পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহছান উল্যাহ শিপন ও রহমত উল্যাহ ফারুকী।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল ও সদস্যসচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন পাভেল, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নুর উদ্দিন ফাহাদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্যসচিব মেহেদী হাসান। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় অবস্থান করায় বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং মালয়েশিয়ায় অবস্থান করায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন উপস্থিত হতে পারেননি। তবে তাঁরা মুছাপুর রেগুলেটর নির্মাণে অর্থ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের মান নিশ্চিত করার দাবি জানান। তাঁদের মতে, রেগুলেটরটি কার্যকরভাবে নির্মিত হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও জনজীবনে এর সুফল পাওয়া যাবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com