মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত, আটক ট্রাক ও মোটরসাইকেল
মুজিবনগর উপজেলা প্রতিনিধি
তন্ময় মন্ডল
মেহেরপুরের মুজিবনগর সড়কে বেপরোয়া গতি ও যান চলাচলের অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে প্রাণ গেল নাবিল (১১) নামের এক মাদ্রাসাছাত্রের। রবিবার মানিকনগর বড় রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল মুজিবনগর আলিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র এবং সে মানিকনগর এলাকার মো. কামু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ি থেকে টিফিন খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। মানিকনগর বড় রাস্তায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে মুজিবনগর থানায় নিয়ে যায়।
এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষুব্ধ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান, মুজিবনগর-মেহেরপুর সড়কের মানিকনগর বড় রাস্তাটিতে প্রায়ই বেপরোয়া গতিতে ভারী যানবাহন ও দ্রুতগতির মোটরযান চলাচল করে। গতিরোধক বা পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় এর আগেও এমন ঝুঁকি তৈরি হয়েছে। তারা এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করতে অবিলম্বে এই সড়কে স্পিডব্রেকার স্থাপন এবং ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করার দাবি জানান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com