রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসিইউ বেড চালুর উদ্যোগ এক মাসের মধ্যে চালুর আশা ত্রাণমন্ত্রীর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়া সংকটের কারণে এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা যাবে।
জনবল সংকট প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সেবার চাহিদা পূরণে কাজ করা সম্ভব হবে।
হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে আরও নতুন সেবা চালু ও হাসপাতালের উন্নয়ন করা সম্ভব হবে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com