রাতের তিন ভূমিকম্পের পর ভোরেও কাঁপল বাংলাদেশ
মোঃ শিহাব উদ্দিন, প্রতিনিধি
মধ্যরাতে প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে তিন দফা ভূমিকম্পের পর রোববার ভোরেও দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টার দিকে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কয়েকটি এলাকায় ভোরের কম্পন অনুভূত হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ওই কম্পন কক্সবাজার ও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় অনুভূত হয়।
এর প্রায় এক মিনিট পর ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অনুভূত হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সূত্র।
পরে রাত ১টা ২৭ মিনিটের দিকে ভারতের ত্রিপুরা অঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরায় ওই ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।
এভাবে কয়েক ঘণ্টার মধ্যে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি সংশ্লিষ্ট সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে।

