
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রামপাল উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা Agence Française de Développement (AFD)-এর অর্থায়নে, ঢাকা উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ওয়াদা-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
ওয়াদা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং কোডেক এনজিওর ফোকাল পার্সন সৈয়দ মাহবুব রহমান সুজন।
এছাড়া সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি নারী সদস্য, মৎস্য ঘের মালিক, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহিত এবং মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকরা সভায় উপস্থিত ছিলেন। ওয়াদা সংস্থার মনিটরিং অফিসার মো. ফয়সাল হাওলাদার, ফিল্ড অফিসার নুর নাহার খাতুন ও মাহমুদ আক্তার বর্ষাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন-জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় বিশেষ করে নারী শ্রমিকদের আয়, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি বলেন, বাগেরহাটের রামপালসহ উপকূলীয় এলাকায় বিশেষ করে নারী ও শিশুরা নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। নারীদের স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। উপকূলীয় মানুষের জীবন-জীবিকা টেকসই করতে সরকারকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকরা এখনো বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। নারী শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ উপকূলীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com