
দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক ১- বিদ্যালয়ে যাতায়াতের জন্য আজও কোনো স্থায়ী রাস্তা নির্মাণ করা হয়নি। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন পেরিয়ে গেলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুর্ভোগ কমাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই বলে স্থানীয়রা জানান।
বর্তমানে বিদ্যালয়ে যেতে কোমলমতি শিক্ষার্থীদের একটি সরু আইল ব্যবহার করতে হয়। সামান্য বৃষ্টি হলেই আইলটি পানিতে তলিয়ে যায়, ফলে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় শিক্ষার্থীদের। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রাস্তার বিষয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি আইলসংলগ্ন জমির মালিকদের সঙ্গেও কথা বলছেন, যাতে একটি স্থায়ী সমাধান বের করা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিদ্যালয়ের পাশ দিয়ে একসময় একটি সরকারি রেকর্ডভুক্ত ক্যানেল ছিল। বর্তমানে সেটি মাটি দিয়ে ভরাট করে স্থানীয় কিছু ব্যক্তি চাষাবাদ করছেন। এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগে ক্যানেলটি পুনরুদ্ধার করা হলে সেই জায়গা ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি উপযুক্ত রাস্তা নির্মাণ করা সম্ভব হবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত সরকারি উদ্যোগে বিদ্যালয়ের জন্য নিরাপদ যাতায়াতের রাস্তা নির্মাণ এবং সরকারি ক্যানেল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থীদের দুর্ভোগই কমাবে না, বরং শিক্ষার পরিবেশও নিশ্চিত করবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com