শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে কয়রার যুবক নিহত
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় লস্কার পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ির সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল মোটরসাইকেলযোগে কালিগঞ্জে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বংশীপুর লস্কার পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com