
ঢাকার সাভার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, শুনানি প্রক্রিয়া, মামলার নথিপত্র সংরক্ষণ এবং বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ও সহজে সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব রাহাত খান, সহকারী কমিশনার (ভূমি), সাভার, ঢাকা; মোহাম্মদ আরিফ হোসেন, প্যানেল চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ; মোঃ এমদাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা; মোঃ মিঠু হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর; শিউলী আক্তার ও মুনায়েম খান, উদ্যোক্তা, সাভার ইউনিয়ন পরিষদ এবং আছমা উল হোসনা, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্প, সাভার, ঢাকা।
এছাড়াও সাভার ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা, মামলার নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং বিচারপ্রার্থী জনগণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে জনগণের সময় ও অর্থ সাশ্রয় এবং সহজে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ের মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করা প্রয়োজন।
পরিদর্শন শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com