
শিশুদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিল বোধিপীঠ পাঠাগার। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-১ ব্লকের কাঁটাতলা গ্রামের ২ নম্বর কুলটি জুনিয়র হাই স্কুলে উদ্বোধন করা হলো বোধিপীঠ পাঠাগারের ২৩তম শাখা।
বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে বইয়ের সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তোলা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই বোধিপীঠ পাঠাগারের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রীতা মণ্ডল, লায়ন্স ক্লাব অফ বিজয়ার রুমা বগচী, রোটারি ক্লাবের দেবাশিস চৌধুরী, সমাজসেবী সম্বিৎ চৌধুরী এবং বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, তাঁদের স্কুল জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হওয়ার পথে রয়েছে। সেই কারণে বিদ্যালয়ে একটি লাইব্রেরি ও ল্যাবরেটরির প্রয়োজন ছিল। বোধিপীঠ পাঠাগার সেই প্রয়োজন পূরণে এগিয়ে আসায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্দেশে বই পড়ার উপকারিতা, জ্ঞান অর্জনের গুরুত্ব এবং স্কুলজীবনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি পড়াশোনা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস জানান, আগামী দিনে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী পাচার এবং বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করা হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
শিশুদের হাতে মোবাইলের পরিবর্তে বই তুলে দেওয়া এবং শিক্ষার প্রসারে বোধিপীঠ পাঠাগারের এই উদ্যোগ এলাকায় বিশেষ গুরুত্ব বহন করছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com