২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন- সভাপতি আপেল, সাধারণ সম্পাদক মুকুল
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধি:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো ধরনের বাধা-বিপত্তি, অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়মের অভিযোগ ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান টিয়া পাখি প্রতীকে ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টার প্রতীকে ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান আপেল প্রতীকে ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নোয়াখালী পৌর বণিক সমিতির মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে ১ হাজার ৬২৪টি ভোট কাস্ট হয়েছে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে নোয়াখালী পৌর এলাকার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা নোয়াখালী পৌর বণিক সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com