Dhaka post
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করছে সরকার—প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করছে সরকার—প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিক্ষাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় ভিত্তি। তাই শিক্ষাকে যুগোপযোগী, মানসম্মত ও কর্মমুখী করতে সরকার শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যেই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় এগিয়ে নিতে হবে। শিক্ষার আলো যেন শহর ও গ্রামের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি না করে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকের এই অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানেই থেমে গেলে চলবে না। সামনে উচ্চশিক্ষার আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে মেধা ও পরিশ্রমকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে তাদের প্রতিভা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা ও জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রংপুর জেলার প্রায় সাড়ে বারোশো কৃতী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।