কয়রায় ছেলের বিরুদ্ধে বনদস্যুতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক পিতা। একই সঙ্গে ছেলের কোনো অপকর্মের দায় তিনি নেবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মৃত কওছার সানার ছেলে আবুল কালাম সানা।
লিখিত বক্তব্যে আবুল কালাম সানা বলেন, তার একমাত্র ছেলে আবুল বাশার সানা বনদস্যুতার কাজে সম্পৃক্ত বলে তিনি জানতে পেরেছেন। একজন পিতা হিসেবে ছেলের এমন কর্মকাণ্ড তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ছেলের কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, তার ছেলে বর্তমানে তার সংসার থেকে পৃথকভাবে বসবাস করছে। ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তার কোনো অপকর্মের দায়ভারও তিনি গ্রহণ করবেন না।
আবুল কালাম সানা আরও বলেন, ছেলের বিরুদ্ধে আইনগতভাবে যা করণীয়, প্রশাসন যেন তা করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একজন পিতা হিসেবে ছেলের অপকর্মের দায় নিজের ওপর নিতে চান না। তাই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি তিনি প্রকাশ্যে জানালেন।
কয়রা,খুলনা

