কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে সরকারি দপ্তরসমূহের কার্যক্রম
মোঃ নাজির খান
প্রশাসনিক কাঠামো ও নাগরিকসেবা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী “A Day in Office” কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সদর ও বন্দর উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, এবং পর্যায়ক্রমে সকল উপজেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের সরকারি অফিসের দৈনন্দিন কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন সরকারি সেবা প্রদান পদ্ধতি এবং জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে সরাসরি জানার ও শেখার সুযোগ সৃষ্টি করা হয়।
তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে “A Day in Office” কার্যক্রমটি জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ’র একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ, প্রশাসন ও জনসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরও সুদৃঢ় হবে।

