Dhaka post
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মসজিদের ওয়াকফ সম্পত্তি জবর দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা থাকা মসজিদের ওয়াকফ ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজুর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে রাজু বলেছেন, তিনি তাঁর নিজের মালিকানাধীন জায়গায় মাটি ও বালু দিয়ে ভরাট করছেন।

বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া বাইপাস সড়কসংলগ্ন সুলতান আহমদ জামে মসজিদের মোতওয়াল্লী নুরুর রহমান এ অভিযোগ করেছেন। তাঁর দাবি, গত ১ সেপ্টেম্বর গভীর রাতে বহিরাগত লোকজন নিয়ে মসজিদের ওয়াকফ সম্পত্তি ও তাঁর ব্যক্তি মালিকানাধীন জমিতে মাটি ও বালু ফেলে ভরাট করে দখলের চেষ্টা করা হয়।

নুরুর রহমান বলেন, নালিশি সম্পত্তি নিয়ে ২০০৬ সালে নোয়াখালীর আদালতে তিনি দেওয়ানি মামলা করেন। মামলাটির নম্বর ৪৮। পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে ৫৭/২০০৭ নম্বর নিষেধাজ্ঞার মামলার আবেদন করা হয়। ২০০৮ সালের ১ জুলাই আদালত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

মোতওয়াল্লী নুরুর রহমানের অভিযোগ, আদালতের ওই আদেশ থাকার পরও মাওলানা মিজানুর রহমান রাজু ও তাঁর সহযোগীরা গত ১ সেপ্টেম্বর রাতে নালিশি সম্পত্তিতে মাটি ও বালু ফেলে ভরাট করেন। এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন।

পরে ২ সেপ্টেম্বর স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিস বৈঠক হয়। তবে সালিস বৈঠকের পরও ওই সম্পত্তিতে মাটি-বালু ভরাটের কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন নুরুর রহমান।

তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখলের চেষ্টা বন্ধে তিনি প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে মাওলানা মিজানুর রহমান রাজু বলেন, জবরদখলের অভিযোগ সঠিক নয়। তিনি তাঁর নিজ মালিকানাধীন জায়গায় মাটি ও বালু দিয়ে ভরাট করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মিজানুর রহমান রাজু বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রাজুর দাবি, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।