সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ঘোড়াশাল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নবগঠিত পলাশ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁরা জিয়া পরিবারের সকল প্রয়াত সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

