দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ: পানি সম্পদ মন্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি:মো: তুহিন মন্ডল
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর চরে পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪ জেলার মানুষ এর সুফল ভোগ করবেন। এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে এ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন এ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।
মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও আমরা শুরু করেছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

