নরসিংদী সদর উপজেলার পৌরসভা ও হাজীপুর ইউনিয়ন এলাকায় লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় সাদিয়া টিম্বার হাউজকে ১০ হাজার টাকা এবং পদ্মা স’মিলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার মোট ১৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আমিরুল হাছান। এ সময় বন বিভাগ, নরসিংদী এবং নরসিংদী মডেল থানা পুলিশের প্রতিনিধিরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান শেষে জরিমানাপ্রাপ্ত দুটি করাতকলের মালিককে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

