Dhaka post
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ: সানজিদা আক্তার তুলিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

মোঃ আল আমিন মিয়াজী
জুলাই ২৯, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ: সানজিদা আক্তার তুলিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৪তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি যুক্তরাষ্ট্রের টুলেইন (Tulane) ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপসহ পিএইচডি প্রোগ্রামে মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সম্মাননা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. সরোয়ার আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর গবেষণা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি নজরুল সরকারি কলেজের সহকারী অধ্যাপক গুলজার হোসেন শিবলী, গণিত বিভাগের সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. আর. গনি মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল, মেহেদী হাসান আখন, আহ্বায়ক সদস্য আসিফ আরাফাত মুন্না, এস. এম. সারোয়ার, আবুল হাসনাত হৃদয়, মাশফিকুল ইসলাম রাইন, রাতুল হাসান, তানজিল হাসান মিথিলসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তিনি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রফেসর ড. মো. সরোয়ার আলম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের এই ধরনের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে। তিনি তুলির গবেষণা ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলাইমান মিয়া বলেন, “গণিত বিভাগের যেকোনো শিক্ষার্থীর সাফল্য আমাদের জন্য গর্বের। দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখে আমরা আনন্দিত।”
সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, “তুলির এই অসাধারণ অর্জন আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এম. আর. গনি মোস্তফা বলেন, “তুলি শুধু আমাদের বিভাগেরই নয়, আমার নিজ জেলা চাঁদপুরেরও কৃতি সন্তান। তার এই অর্জনে আমি অত্যন্ত গর্বিত। আমি বিশ্বাস করি, বিদেশে অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সানজিদা আক্তার তুলি বলেন, “আমার এই অর্জনের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম। বিশেষ করে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রফেসর ড. মো. সরোয়ার আলম স্যারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি আমাকে সম্মাননা প্রদান করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন, সানজিদা আক্তার তুলির এই আন্তর্জাতিক অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য গর্বের। তার এই সাফল্য দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।