প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাগেরহাটে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন।
সভায় প্লাস্টিকের ব্যবহার ও দূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও সমন্বিত পদ্ধতি, পরিবেশ সুরক্ষা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সুন্দরবন ও এর আশপাশের পরিবেশের ওপর প্লাস্টিক ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরামর্শ সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিক, উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব, ইয়ুথ ফর সুন্দরবন-এর স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যম এবং যুবসমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

