গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর রংপুর মহানগর ও কুড়িগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১৪:০০ ঘটিকায় তিনি রংপুর সার্কিট হাউজে আগমন করলে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিক সালামি প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর ১৪:৩০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক ও ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা জোরদার, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দালালচক্র ও জনহয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার নির্দেশনা প্রদান করেন।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।

