শিক্ষার্থীদের মাঝে ১২০০ গাছের চারা বিতরণ
পরিবেশ রক্ষায় HDFB Foundation-এর বৃক্ষরোপণ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা (ফরিদপুর):
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শুরু হয়েছে ‘Tree Plantation Initiative 2026’। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড একাডেমি পানাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া বিদ্যালয়ে চারটি সিলিং ফ্যান বিতরণ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের লাইব্রেরিতে বই প্রদান এবং একটি ট্রি প্লান্টেশন বাগান উদ্বোধন করা হয়।
HDFB Foundation-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, ‘আমরা শুধু গাছ লাগাতে চাই না; এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা পরিবেশের সমস্যা দেখার পাশাপাশি তার সমাধানের অংশ হবে।’
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

