Dhaka post
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সাইনবোর্ডে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়াগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এ সময় ব্যবসায়ীরা বিদ্যুৎ সংযোগ চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা জানান, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় এক মাস ধরে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত নয় মাসে মার্কেটের রানিং কমিটি দোকানমালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লাখ ৭১৫ টাকা আদায় করেছে। তবে ওই অর্থের হিসাব এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে তাঁরা স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করেন।

ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় মার্কেটের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।

অবরোধের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ ফতুল্লা থানার পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

পরে দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল বকুল ও গাজী মোহাম্মদ লিটন মোল্লাসহ মার্কেটের ব্যবসায়ী নেতারা ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।