Dhaka post
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

১৫০ মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, সজাগ থাকবে মনিটরিং সেল ​পার্বতীপুরে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা।

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হেমায়েত কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সিংহ এবং পৌর শাখার সভাপতি প্রদীপ দত্ত। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।
​সভায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “হাজার বছরের কৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক আমাদের এই দুর্গাপূজা। উৎসবটি যেন সম্পূর্ণ নির্ভীক ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে।”
​তিনি আরও জানান, এ বছর উপজেলায় মোট ১৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক আইপি (ইন্টারনেট প্রোটোকল) ও সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা এবং রাত ১২টার পর স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচলের স্বার্থে প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন পথ রাখতে বলা হয়েছে।
​নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি ও র‍্যাবের পাশাপাশি প্রতিটি মণ্ডপ তদারকিতে থাকবেন দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসার’। সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের অধীনে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল চালু থাকবে।
​এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে এবার প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে—যা বিগত বছরে ছিল ৫০০ কেজি। আগামী ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিটি মণ্ডপ কমিটির কাছে এই সরকারি বরাদ্দ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।