নরসিংদীর পাঁচদোনার আলতাফ হোসেন দুঃখু মিয়া। জন্ম থেকেই তাঁর দুটি হাত নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে প্রতিষ্ঠা করেছেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে ১৪৫ জন শিক্ষার্থী। এবার তাঁর জীবনসংগ্রাম ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুঃখু মিয়াসহ সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
সাক্ষাৎকালে দুঃখু মিয়া তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তাঁর কথা শুনে বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
জানা যায়, আলতাফ হোসেন দুঃখু মিয়া ১৯৬২ সালে নরসিংদীর পাঁচদোনায় জন্মগ্রহণ করেন। জন্ম থেকেই দুই হাত না থাকলেও অদম্য মনোবল নিয়ে পা দিয়ে লেখালেখি শেখেন তিনি। পরবর্তী সময়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০০৭ সালে পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল’।
নিজের জমানো অর্থ ও পৈতৃক জমি বিক্রির টাকা দিয়ে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ১০ জন শিক্ষক। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পা দিয়ে লেখালেখির পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন দুঃখু মিয়া।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে সমাজ ও দেশের কল্যাণে কাজ করা মানুষের প্রশংসা করেন। তিনি বলেন, দেশ গঠনে দুঃখু মিয়ার মতো মানুষের প্রয়োজন রয়েছে। এ ধরনের উদ্যোগ আরও মানুষকে ভালো কাজে উৎসাহিত করবে।
দুঃখু মিয়ার এই জীবনসংগ্রাম প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও মানুষের প্রতি দায়িত্ববোধ থাকলে শারীরিক সীমাবদ্ধতাও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

