“নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারের ইন্তেকাল ”
নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বর্ণাঢ্য জীবনে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর কর্মময় জীবন, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের কল্যাণে নিবেদিত ভূমিকা তাঁকে এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তাঁর মৃত্যুতে নারায়ণপুর সহ মতলব দক্ষিণের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণপুর প্রেসক্লাব পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
একজন বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, সমাজসেবক ও রাজনৈতিক অগ্রপথিক হিসেবে সৈয়দ আবুল বাসারের অবদান এলাকাবাসী ও সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
মহান আল্লাহ মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

