Dhaka post
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মোঃ সোহেল রানা
আগস্ট ২৩, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চোরাচালান ও মাদকের ঝুঁকি থেকে সীমান্তবর্তী যুবসমাজকে দূরে রেখে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী ২০ জন বেকার যুবক-যুবতীকে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিজিবির ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর আওতায় প্রাথমিকভাবে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক ও যুবতীকে নির্বাচিত করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়িতে স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদি পশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন তাঁদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তাঁদের চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি কমবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা সম্ভব হবে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় বিভিন্ন প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী বেকার যুবসমাজকে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে নিজ নিজ বাড়িতে পশু ও হাঁস-মুরগি পালন করে আয় করতে পারবেন। এর মাধ্যমে তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে। একই সঙ্গে সীমান্তবর্তী যুবসমাজকে চোরাচালান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দক্ষ ও কর্মঠ যুবসমাজ গড়ে উঠলে তারা পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রশিক্ষণ কার্যক্রমে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি), গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র তোজাম্মেল হক, রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবির এমন উদ্যোগকে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কর্মমুখী করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।