দিনাজপুরের কাহারোলে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়, বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা, সার জব্দের ঘটনায় যথাযথ তদন্ত এবং খুচরা পর্যায়ে সার বিক্রয়ের সুযোগসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কাহারোল উপজেলা রাসায়নিক সার, কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো যথাযথভাবে দেখার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক পুলিন রায়।
আলোচনা সভায় সার ডিলার ও খুচরা বিক্রেতারা জব্দকৃত সার নিয়ে সৃষ্ট পরিস্থিতির সুষ্ঠু তদন্ত, সরকারি নির্ধারিত মূল্যে জব্দকৃত সার বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা এবং খুচরা পর্যায়ে সার বিক্রয়ের সুযোগসহ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

