বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোলে বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার প্রথম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কাহারোল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর অপারেশনস মি. চন্দন জাকারিয়াম গমেজ, ডিরেক্টর অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দায়িং, উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী, ইইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন, ইউপি চেয়ারম্যান মো. মোনারুজ্জামান, প্রধান শিক্ষক মো. রোস্তম আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে পরিবার, বিদ্যালয়, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রথম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

