নরসিংদীর পলাশে মো. মাহিন (১৪) নামে এক কিশোর গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে শিল্প মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয় সে।
নিখোঁজ মাহিন নোয়াকান্দা গ্রামের মুর্শিদা বেগম ও শামীম দম্পতির ছেলে। তারা ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর মাহিন পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী শিবপুর উপজেলার বাজনাবো গ্রামে তার দাদার বাড়ির উদ্দেশ্যে বের হয়। সেখানে শিল্প মেলায় যাওয়ার কথা ছিল তার। এরপর থেকেই মাহিনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মাহিনের মা মুর্শিদা বেগম পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের দাবি, মাহিন নিখোঁজ হওয়ার পর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা অবস্থায় কোথায় ছিল বা বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়েও পরিবার নিশ্চিত হতে পারেনি।
মাহিনের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

