Dhaka post
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ মামুন মোড়ল,
অক্টোবর ৯, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়ার অভিযোগ উঠেছে। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হতে এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয় দলীয় নেতাকর্মী ও পুলিশকে জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলেও চিরকুটে উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি।
মোবারক হোসেন বলেন, “ব্যবসায়িক কাজে আমি ঢাকায় ছিলাম। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানানো হলে দ্রুত ফিরে আসি। পরে স্থানীয় নেতাদের ও পুলিশকে জানাই। পুলিশ এসে ব্যাগের ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পায়। ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। আমি সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।”
এ ঘটনায় তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে পাওয়া আলামতগুলো থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।