সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক
টি টিভি বাংলাদেশ
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় আবদুস সালাম বলেন, সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মানুষের উন্নয়নে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আবদুস সালাম বলেন, সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দলকে সংগঠিত করা এবং এলাকার মানুষের কল্যাণে তাঁর ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।
আবদুস সালাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

