নরসিংদীর পলাশ উপজেলায় রাতের আঁধারে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের আলমারিতে থাকা নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জানা যায়, উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নূর আক্তার জানান, দুই দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে অবস্থানকালে সকালে তাঁর শ্বশুর ফোন করে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। এ সময় ঘরের দুটি কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
নূর আক্তার আরও জানান, চোরেরা ঘরের আলমারিতে রাখা নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এতে তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

