Dhaka post
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু, এলাকায় উত্তেজনা

মোঃমামুন মোড়ল
আগস্ট ১০, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুম পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন মিয়ার ছেলে এবং ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
জানা যায়, গত ১ আগস্ট রাতে হাসনহাটা গ্রামের ফকির বাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় প্রতিপক্ষের হামলা ও গুলিতে ছাত্রদল নেতা মাসুম পেটে গুলিবিদ্ধ হন। হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মাসুমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকির বাড়ি এলাকার কয়েকজনের সঙ্গে মাসুম ও তার সহযোগীদের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ওই হামলার ঘটনা ঘটে।
এদিকে মাসুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় নিহতের বোন জামাতা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।