Dhaka post
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজিবপুরে ৭৫ বছরের জনপথে বাঁশের বেড়া, অবরুদ্ধ শতাধিক পরিবারের চলাচল

জিয়াউর রহমান জিয়া
জুলাই ২২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবেরডাঙ্গী পূর্বপাড়া গ্রামে প্রায় ৭৫ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ কাঁচা চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন থেকে মো. আব্দুস ছাত্তার, মো. মতিউর রহমান, মো. আব্দুল খালেক ও মো. বেলাল হোসেনসহ কয়েকজন নিজেদের বাড়ির পূর্ব পাশ থেকে কালাপানি বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তার একটি অংশে বাঁশের বেড়া নির্মাণ করেন।

স্থানীয়দের দাবি, রাস্তাটি তাদের পূর্বপুরুষের সময় থেকে প্রায় ৭৫ বছর ধরে জনসাধারণ ব্যবহার করে আসছেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং দৈনন্দিন চলাচলের জন্য এটি ছিল এলাকার অন্যতম প্রধান পথ। সরকারি অর্থায়নে রাস্তাটির সংস্কার এবং একটি কালভার্টও নির্মাণ করা হয়েছে।

রাস্তা বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় এলাকাবাসী চর রাজিবপুরের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্তের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগের তদন্তের জন্য রাজিবপুর সদর ইউনিয়নের তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।