কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২৫০ মিলিগ্রাম চোলাই মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন হারুয়া ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন—সুমন (৩৫), মো. মবিন (২০), মো. লাবিব (১৯) ও দিপু (২১)। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া, কাতিয়ারচর, নগুয়া ও নগুয়া বটতলা এলাকার বাসিন্দা।
অভিযান শেষে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজা মিন ফজলে রাব্বির কাছে প্রসিকিউশন দাখিল করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মবিন, লাবিব ও দিপুকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকবিরোধী এ অভিযান মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রমের অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

