Dhaka post
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দোরগোড়ায় মিলবে দ্রুত ও স্বল্প খরচে বিচার ​

​সাভার (ঢাকা) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে গ্রাম আদালত জনপ্রিয় করতে উঠান বৈঠক: দোরগোড়ায় মিলবে দ্রুত ও স্বল্প খরচে বিচার

​সাভার (ঢাকা) প্রতিনিধি:
তৃণমূলের সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় সহজে, দ্রুত এবং নামমাত্র খরচে বিচার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাভারে গ্রাম আদালতের এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বালুঘাট মাঠ প্রাঙ্গণে ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহায়তায় অনুষ্ঠিত এ বৈঠকে গ্রাম আদালতের এখতিয়ার ও মামলা নিষ্পত্তির সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়। তিনি বলেন, “ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের ক্ষেত্রে সাধারণ মানুষকে আর বছরের পর বছর উচ্চ আদালতের বারান্দায় ঘুরে অর্থ ও সময় অপচয় করতে হবে না। গ্রাম আদালতে মাত্র ১০ থেকে ২০ টাকা ফি দিয়ে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা যায় এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।”
​বৈঠকে ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’-র পরিচালক ও সমন্বয়কারী মো: তাজুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ ও বিশেষ করে প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠী যেন কোনো হয়রানি ছাড়া আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই আমরা গ্রাম আদালতের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
​ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ও সংস্থার আইন উপদেষ্টা আকবর হোসেন আইনি নানা দিক বিশ্লেষণ করে বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকে এবং ওপরের আদালতগুলোর ওপর থেকে অতিরিক্ত মামলার চাপ কমে আসে।”
​উঠান বৈঠকে সংস্থাটির প্রকল্প সুপারভাইজার নাছিমা আক্তার এবং স্থানীয় প্রতিনিধি মো: মামুনসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা গ্রাম আদালতের এ ধরনের আইনি সুবিধার কথা জেনে সন্তোষ প্রকাশ করেন এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের দ্বারস্থ হওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।